ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়

❀ ব্যাকরণঃ
ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষারই নিজস্ব কিছু নিয়ম-শৃঙ্খলা আছে। এ নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালির স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এ স্বরূপ বিশ্লেষণই ‘ব্যাকরণ’ নামে অভিহিত। ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা।
 সংজ্ঞাঃ
❁ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে পড়িতে, লিখিতে ও বলিতে পারা যায় তাকে ব্যাকরণ বলে।
❁ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে শাস্ত্র ভাষার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করিয়া তাহার প্রয়োগ রীতি সম্পর্কে বুঝাইয়া দেয় তাহাকে ব্যাকরণ বলে।
❁ ড. মুনীর চৌধুরী বলেছেন: যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

☛ ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ।
☛ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হচ্ছে – বি + আ + কৃ + অন।
☛ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে – বিশেষভাবে বিশ্লেষণ।
☛ ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে – ভাষা।
☛ ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ।
☛ ব্যাকরণকে ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণায়ক বলে।
☛ ব্যাকরণ ভাষার অনুগামী এবং ভাষাকে বর্ণনা করে।
☛ গ্রীস ব্যাকরণ চর্চার আদি ভূমি হিসেবে পরিচিত।
☛ ভারতবর্ষে সংস্কৃত ব্যাকরণ চর্চার পথিকৃত পাণিনি ও পতঞ্জলি।
☛ ব্যাকরণ হলো ভাষার সংবিধান।
☛ ব্যাকরণকে ভাষার বিজ্ঞান বলা যায়।
সর্বোপরি বলা যায়, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ।
❀ বাংলা ব্যাকরণঃ
বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। এ ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়মশৃঙ্খলা রয়েছে। সুতরাং যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ।
 বাংলা ব্যাকরণের সংজ্ঞাঃ
❁ যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ (Bengali Grammar)। ⎯ ডক্টর মুহম্মদ শহীদুলা্‌হ্
❁ যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সবদিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়, তাকে বলে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ। ⎯ ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
❁ যে ব্যাকরণ বাংলা ভাষার ধ্বনি, শব্দ, পদ, বাক্য ইত্যাদি বিশ্লেষণ করে ভাষার স্বরূপটিকে তুলে ধরে,তাকে বাংলা ব্যাকরণ বলে। ⎯ জ্যোতিভূষণ চাকী
☛ বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস ২৫০ বছরেরও বেশি সময়ের।

Leave a Comment